সিলেটে ঝুমকি রানীর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবি পরিবার ও এলাকাবাসীর
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়।
সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রানী দেবের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।
শনিবার (৭ জুন) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নিহত ঝুমকি রানী দেবের বাবা সন্নৎ কুমার দেবের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচা হরিপদ দেব।
লিখিত বক্তব্যে বলা হয়, ঝুমকি রানী দেব সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গৌরাবাড়ি গ্রামের বাসিন্দা এবং ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন। গত ৯ মার্চ একই ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়া গ্রামের চঞ্চল দাসের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ঝুমকিকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়। যৌতুকের দাবিতে তাকে চাপ প্রয়োগ করা হতো বলেও দাবি করেন তারা। পরিবারের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি আরও অর্থের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায়।
লিখিত বক্তব্যে সন্নৎ কুমার দেব বলেন, “মাত্র দুই মাস আগে মেয়েকে স্বামীর ঘরে পাঠিয়েছিলাম। আজ তাকে লাশ হয়ে ফিরে পেতে হয়েছে। একজন পিতার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না।”
পরিবারের দাবি, মৃত্যুর আগে ঝুমকি তার দুই বোনকে স্বামীর বাড়িতে নির্যাতনের বিষয়ে জানিয়েছিলেন। তবে বাবার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে বিষয়টি তাকে না জানাতে অনুরোধ করেছিলেন।
তারা জানান, গত ২৪ মে ঝুমকির মৃত্যুর খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার সময় স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের কাউকে সেখানে পাওয়া যায়নি বলেও দাবি করা হয়।
পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা নয়; বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে তাদের অভিযোগ। পরে গত ২ জুন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী বলেন, যদি এটি আত্মহত্যাও হয়ে থাকে, তবে মৃত্যুর পেছনে কারও প্ররোচনা বা নির্যাতন থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
কমেন্ট বক্স