এতে যোগ দিয়েছেন ঢাকা-০৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি শুরু করে। এখানে অংশ নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ অনেকেই।
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক ঘণ্টা সময় বেঁধে দেন। পরে সময় শেষ হওয়ার পর তারা অবস্থান চালিয়ে নেওয়ার ঘোষণা দেন।
জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা না হলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
এসময় দেওয়া এক বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, প্রশাসনের পক্ষ থেকে ৭টার মধ্যে আমাদের অবস্থান ত্যাগ করবার জন্য বলা হয়েছে।
আল্লাহর কসম করে বলি, শহীদ হাদির স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে ক্ষমতাশীলদের জীবনকে আমরা জাহান্নাম বানিয়ে দেব। তিনি বলেন, শহীদ ওসমান হাদির স্ত্রী যদি আগামী সাতদিন এখানে অবস্থান করবেন বলেন আমরা তার পাশে অবস্থান করব। আমরা সরে যাওয়ার জন্য আসিনি।
জাবের বলেন, আমরা কঠিন কোনো বার্তা নিয়েও আসিনি।
শুধু বলেছি জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সঙ্গে জড়িত। তিনি বলেন, কোনো উপদেষ্টার সঙ্গেও আমরা কোনো ধরনের কথাবার্তা বলব না। কথা হবে একমাত্র ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।