• জাতীয়
  • ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দেবে কানাডা

ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দেবে কানাডা

জাতীয় ১ মিনিট পড়া
ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দেবে কানাডা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারিগরি সহায়তায় ২০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দিচ্ছে কানাডা।

নির্বাচন কমিশনের (ইসি) ‘ব্যালট’ প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়। ইসির সঙ্গে চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বলেন, “কানাডা বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার এবং বন্ধু। বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে আমরা অন্যতম। বর্তমানে ১ লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।” তিনি আরও বলেন, একটি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের পথে বাংলাদেশের অগ্রগতিতে কানাডা গর্বিত।

১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক কর্মযজ্ঞ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, “বাংলাদেশে কী ঘটে তা কানাডা এবং বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি।”

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার সংক্রান্ত একটি গণভোটও অনুষ্ঠিত হবে।

Tags: কানাডা প্রকল্প ইসি ব্যালট ২০ লাখ ডলার