• জাতীয়
  • কর কর্মকর্তা শিহাবুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার

কর কর্মকর্তা শিহাবুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার

জাতীয় ১ মিনিট পড়া
কর কর্মকর্তা শিহাবুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার

মূল বেতন পাঁচ ধাপ অবনমিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৫ সালের ১৫ জুলাই জারি করা এক আদেশে এনবিআরের কর বিভাগের ওই কর্মকর্তাসহ ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। মোহাম্মদ শিহাবুল ইসলাম তাদের একজন।

এনবিআরের আদেশ সূত্রে জানা যায়, কর্মরত অবস্থায় ২০২৫ সালের ২৪ জুন রাজস্ব ভবনের প্রবেশপথে অবস্থান করে এনবিআরের জারি করা বদলির আদেশ আইনসঙ্গত কারণ ছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন শিহাবুল ইসলাম। তার ওই আচরণকে চাকরি শৃঙ্খলার পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ৩০এ বিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’র অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়।

অভিযুক্ত কর্মকর্তা কৈফিয়তের জবাব দাখিল ও ব্যক্তিগত শুনানির আবেদন করেন।

সেগুলো পর্যালোচনা শেষে কর্তৃপক্ষ তার বেতন গ্রেড পাঁচ ধাপ অবনমিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত মে মাসে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে এনবিআরকে দুই ভাগ করে প্রজ্ঞাপন জারি করে। এর পর এনবিআরের কর কর্মকর্তারা আন্দোলনে নামেন।

আন্দোলন দমনে নেতৃত্বে থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের অন্যত্র বদলি করা হয়। ওই বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় শিহাবুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

Tags: বরখাস্ত কর কর্মকর্তা শিহাবুল আদেশ প্রত্যাহার