• বিনোদন
  • অরিজিতের পথে কি শ্রেয়া ঘোষাল? গান থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত সুরসম্রাজ্ঞীর

অরিজিতের পথে কি শ্রেয়া ঘোষাল? গান থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত সুরসম্রাজ্ঞীর

অরিজিৎ সিংয়ের সংগীত থেকে সাময়িক বিদায়ের সিদ্ধান্তে অনুপ্রাণিত শ্রেয়া ঘোষাল; চটুল গান ও লিপ সিঙ্ক নিয়ে প্রকাশ করলেন চরম বিরক্তি।

বিনোদন ১ মিনিট পড়া
অরিজিতের পথে কি শ্রেয়া ঘোষাল? গান থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত সুরসম্রাজ্ঞীর

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার বিরতির ইঙ্গিত দিলেন ভারতের সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর করা কিছু বিস্ফোরক মন্তব্য বিনোদন জগতে নতুন জল্পনার জন্ম দিয়েছে। অরিজিতের সিদ্ধান্তকে সাহসী আখ্যা দিয়ে শ্রেয়া জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁর নিজেরও দীর্ঘ বিরতি নিতে ইচ্ছে করে।

বছরের শুরুতেই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা ভক্তদের মনে বিষাদের সুর ছড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার যেন বিনোদন জগতের আকাশে আবারও কালো মেঘের ঘনঘটা! অরিজিতের পথে হেঁটেই কি তবে সুরের ভুবনকে বিদায় জানাবেন শ্রেয়া ঘোষাল? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কিছু বক্তব্য এখন টলিপাড়া থেকে বলিপাড়া— সর্বত্রই বড়সড় আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।

অরিজিতের সিদ্ধান্তকে সাধুবাদ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, ‘মাঝেমধ্যে আমারও খুব বিরতি নিতে ইচ্ছে করে। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। ও মন থেকে একজন প্রকৃত শিল্পী। গান থেকে কী উপার্জন হলো বা হলো না, সেটা ও কখনও ভাবে না। ও শুধু সেটাই করে যা ওকে মানসিক প্রশান্তি দেয়।’

অনুপ্রেরণার নাম অরিজিৎ অরিজিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রেয়া আরও বলেন, ‘সংগীতের প্রতি এই যে গভীর মমতা, এটাই শ্রোতাদের সঙ্গে ওর যোগসূত্র তৈরি করে দেয়। ওর কাছে গান সবকিছুর ঊর্ধ্বে। অরিজিতের এই সিদ্ধান্ত আমাকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।’

চটুল গান ও লিপ সিঙ্ক নিয়ে বিরক্তি গানের জগতে ‘লিপ সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর সংস্কৃতি নিয়ে নিজের কড়া বিরক্তি প্রকাশ করেন এই শিল্পী। তিনি সাফ জানিয়েছেন, যেদিন তাঁকে বাধ্য হয়ে এমন কিছু করতে হবে, সেদিনই তিনি গান ছেড়ে দেবেন। শুধু তাই নয়, ‘চিকনি চামেলি’র মতো চটুল লিরিকের গান ভবিষ্যতে আর না গাওয়ার ব্যাপারেও নিজের অনড় অবস্থানের কথা জানান তিনি।

তুঙ্গে জল্পনা শ্রেয়া ও অরিজিৎ অসংখ্য সুপারহিট গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি আর সমসাময়িক সংগীত ভাবনার পরিবর্তন থেকেই কি তবে শ্রেয়াও অরিজিতের মতো দীর্ঘ বিরতির পথে হাঁটছেন? গায়িকার সাম্প্রতিক এই মন্তব্যে এখন সেই জল্পনাই তুঙ্গে। ভক্তরা এখন প্রিয় গায়িকার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন।

Tags: bollywood news trending news shreya ghoshal arijit singh playback singing music-break