• বিনোদন
  • ঈদে তিন দিনের ‘রাতাড্ডা উইথ তানভীর’, অতিথি মম-দীপা ও দোলা

ঈদে তিন দিনের ‘রাতাড্ডা উইথ তানভীর’, অতিথি মম-দীপা ও দোলা

আট বছরের ধারাবাহিকতায় এবারও জাগো এফএমে ঈদের বিশেষ তিন পর্বে থাকছেন শোবিজের তিন তারকা।

বিনোদন ১ মিনিট পড়া
ঈদে তিন দিনের ‘রাতাড্ডা উইথ তানভীর’, অতিথি মম-দীপা ও দোলা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে জনপ্রিয় পডকাস্ট ‘রাতাড্ডা উইথ তানভীর’। দীর্ঘ আট বছর ধরে নিয়মিত প্রচারিত এই অনুষ্ঠানটি এবার ঈদের প্রথম তিন দিন বিশেষ আয়োজনে সাজানো হয়েছে। এতে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন শোবিজের তিন ভিন্ন অঙ্গনের জনপ্রিয় তিন তারকা—জাকিয়া বারী মম, দীপা খন্দকার এবং সংগীতশিল্পী দোলা রহমান।

টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ঈদের বাড়তি আয়োজনের ভিড়ে নিজস্ব স্বকীয়তা নিয়ে হাজির হচ্ছে পডকাস্ট ‘রাতাড্ডা উইথ তানভীর’। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, এবারও ঈদের আমেজ ফুটিয়ে তুলতে তিন দিনব্যাপী বিশেষ এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দীর্ঘ আলাপচারিতা ও আড্ডার ঢঙে।

প্রথম দিনের অতিথি জাকিয়া বারী মম ঈদের দিন প্রচারিতব্য প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। বর্তমানে মম অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই বিশেষ পর্বে তিনি কথা বলেছেন ঈদের সিনেমা, তার অভিনয় ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের বিভিন্ন অজানা দিক নিয়ে।

দ্বিতীয় দিনের পর্বে দীপা খন্দকার ঈদের দ্বিতীয় দিনের আয়োজনে দেখা যাবে গুণী অভিনেত্রী দীপা খন্দকারকে। বর্তমানে তিনি ‘এটা আমাদেরই গল্প’ শীর্ষক ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। তানভীর তারেকের সঙ্গে আড্ডায় তিনি বর্তমান সময়ের সামাজিক নাটকের গুরুত্ব, টেলিভিশন নাটকের পরিবর্তনের ধারা এবং অভিনয়ের বর্তমান বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

তৃতীয় দিনের চমক সংগীতশিল্পী দোলা রহমান ঈদের তৃতীয় ও শেষ দিনের পর্বে অতিথি হিসেবে থাকছেন আলোচিত সংগীতশিল্পী দোলা রহমান। ‘চাঁদ মামা’, ‘মন দরিয়া’ কিংবা ‘মিনতি’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী বর্তমান সংগীতের ট্রেন্ড, টিকটক ও রিলস সংস্কৃতির প্রভাব এবং নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।

অনুষ্ঠানের সময়সূচি ও পরিকল্পনা তিন দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানটি রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাগো এফএম ৯৪.৪-এ লাইভ প্রিমিয়ার হবে। অনুষ্ঠানটি প্রসঙ্গে উপস্থাপক তানভীর তারেক বলেন, “ঈদের অনুষ্ঠান মানেই গতানুগতিক প্রশ্নোত্তর নয়। এই সময়ে মানুষের হাতে বাড়তি সময় থাকে, তাই অতিথিদের সাথে নানা প্রসঙ্গের দীর্ঘ আলাপই এখানে মূল আকর্ষণ। এতে অতিথিরা স্বাচ্ছন্দ্যে তাদের মনের কথা বলতে পারেন।”

উদয় চৌধুরীর পরিকল্পনা ও সমন্বয়ে বিশেষ এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান মোহাম্মদ জুবায়ের।

Tags: podcast bangladesh entertainment deepa-khandakar zakia bari mamo dola rahman tanveer tareq eid entertainment