• জাতীয়
  • লেভেল ক্রসিং দুর্ঘটনা: ‘হিউম্যান ফেইলিউর’ বড় কারণ

লেভেল ক্রসিং দুর্ঘটনা: ‘হিউম্যান ফেইলিউর’ বড় কারণ

জাতীয় ১ মিনিট পড়া
লেভেল ক্রসিং দুর্ঘটনা: ‘হিউম্যান ফেইলিউর’ বড় কারণ

দেশে রেলপথের লেভেল ক্রসিংগুলোতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন গড়ে তিনজনের মৃত্যু হচ্ছে এসব দুর্ঘটনায়। অনেক ক্ষেত্রে গেটম্যানের অনুপস্থিতি, অবৈধ ক্রসিং এবং যানজট পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

ফলে এর সমাধান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গত ২১ মার্চ দিবাগত রাতে কুমিল্লায় ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষকে ‘হিউম্যান ফেইলিউর’ বা মানবিক ত্রুটি হিসেবে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে, সর্বশেষ দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে সরাসরি দায়ী করা ঠিক হবে না। তাদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে দায়িত্বে থাকা গেটম্যান হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, ফলে ট্রেন আসার তথ্য তিনি সময়মতো দিতে পারেননি।

রাজধানীর খিলক্ষেত, মগবাজার ও গোপীবাগের রেল ক্রসিংয়ের চিত্র যেন দেশের সামগ্রিক বাস্তবতাই তুলে ধরে। এগুলোর কোনোটিতে আনুষ্ঠানিক কোনও গেটম্যান নেই। খিলক্ষেতে একটি বাঁশ দিয়ে রাস্তা আটকে রাখা হয়। স্থানীয়দের ভাষ্য, খিলক্ষেত ক্রসিং দিয়ে প্রতিদিন নারী, শিশু ও বয়স্করা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন। এখানে একজন গেটম্যান জরুরি। কেউ না থাকায় তারা নিজেরাই এ ব্যবস্থা করেছেন। দুই দিক থেকেই ট্রেন আসে, ফলে ঝুঁকি আরও বেশি।

গোপীবাগ ও মগবাজারের লেভেল ক্রসিংয়েও একই চিত্র দেখা যায়। রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছেন মানুষ, অনেকেই মোবাইলে কথা বলতে বলতে লাইন পার হচ্ছেন। সিগন্যাল থাকলেও তা মানছেন না কেউ। ২০২৪ সালের ১ ডিসেম্বর মগবাজার লেভেল ক্রসিংয়ে একটি বাস আটকে পড়লে ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে-মুচড়ে যায়। গেটম্যানরা বলছেন, অনেকেই নিয়ম মানতে চান না। ধাক্কা দিয়ে দৌড়ে পার হন, বাঁশ ফেলার পরও গাড়ির গতি কমান না। তবে নিজেদের মধ্যেও কিছু গাফিলতি রয়েছে বলে স্বীকার করেন তারা।

২১ মার্চ দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লেভেল ক্রসিংয়ে ওঠা একটি বাসে ট্রেনের ধাক্কায় ১২ জনের প্রাণহানি হয়। সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা এটি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশের মোট রেল দুর্ঘটনার প্রায় ৮৯ শতাংশই ঘটে লেভেল ক্রসিংয়ে।

রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে এসব ক্রসিংয়ে মারা গেছেন ২৬৩ জন। তবে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১ হাজার ২৬৯ জনের। অপরদিকে রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত এক দশকে রেল দুর্ঘটনায় মোট মৃত্যু ৯ হাজার ২৩৭ জন। গড়ে প্রতিদিন প্রায় তিনজনের মৃত্যু হয়েছে।

Tags: লেভেল ক্রসিং দুর্ঘটনা হিউম্যান ফেইলিউর বড় কারণ