• দেশজুড়ে
  • আজ থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসব

আজ থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসব

দেশজুড়ে ১ মিনিট পড়া
আজ থেকে শুরু হচ্ছে  হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসব

লতিফ রানা , নারায়ণগঞ্জ

আজ (২৫ মার্চ বুধবার) বিকেল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য উৎসব হিসেবে খ্যাত মহা অষ্টমী স্নানোৎসব। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে প্রতিবছর চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে লাঙ্গলবন্দে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র স্নানের মাধ্যমে পাপমোচন ঘটে এবং আধ্যাত্মিক মুক্তি লাভ সম্ভব। এই উৎসবে দেশের বিভিন্ন জেলাসহ প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকেও হিন্দু ধর্মাবলম্বী লোকজন এখানে পুণ্যের আশায় উপস্থিত হন বলে আয়োজকগণ দাবি করেন। এরই মধ্যে লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ব্রহ্মপুত্র তীর। এই উৎসবকে ঘিরে সব ধরণের নিরাপত্তা সম্পন্ন করা হয়েছে বলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আয়োজক কমিটি ও পঞ্জিকা সূত্রে জানা গেছে এবার স্নান শুরু হবে বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে শেষ হবে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯ মিনিটে। এই লক্ষ্যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সব ধরণের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, পুণ্যার্থীদের সুবিধার্থে ২৪টি স্নানঘাট সংস্কার, নদের কচুরিপানা অপসারণ এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির জন্য অর্ধশত নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়া নারীদের কাপড় পরিবর্তনের জন্য বিশেষ কক্ষ ও ২০০টি অস্থায়ী টয়লেট নির্মাণসহ ৬২টি সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এবারও বিপুল সংখ্যক পূণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সে অনুযায়ী আইনশৃঙ্খলা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হয়েছে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পূণ্যার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসার জন্যও প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, অষ্টমী স্নানকে কেন্দ্র করে প্রায় এক হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও দায়িত্ব পালন করবেন ৬০০ জন আনসার সদস্য ও প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবক। নিরাপত্তার পাশাপাশি পূণ্যার্থীদের ভীড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় থাকবে বিশেষ টিম।

উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে এই স্নান এলাকায় অবস্থিত লাঙ্গলবন্দের বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ার গুজবে পদদলিত হয়ে ১০ তীর্থ যাত্রীর করুণ মৃত্যুর ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মাথায় রেখে এবার নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তাই নিরাপত্তা রক্ষায় মোতায়েন থাকবে পুলিশ, আনসার ও র‌্যবের সহস্রাধিক সদস্য। পুরো তিন কিলোমিটার এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। নদীতে নৌ-পুলিশ এবং সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সক্রিয় রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।