মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত এই দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শ্রদ্ধা নিবেদনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
স্মৃতিসৌধ থেকে জিয়া উদ্যান এর আগে ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি তিনি জিয়া উদ্যানে পৌঁছান। স্বাধীনতার ঘোষক এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনটির রাষ্ট্রীয় কর্মসূচি শুরু করেন তিনি।
জাতির উদ্দেশে বাণী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেন, '২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।' তিনি আরও উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিতা মা-বোনদের অবদান বাংলাদেশ রাষ্ট্র কোনোদিন ভুলবে না।
পরবর্তী রাষ্ট্রীয় কর্মসূচি বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। দিনটি উদযাপন উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে সরকার ও বিএনপি।