• দেশজুড়ে
  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন:রসিক প্রশাসক ডন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন:রসিক প্রশাসক ডন

দেশজুড়ে ১ মিনিট পড়া
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন:রসিক প্রশাসক ডন

শাকিল আহমেদ, ব্যুরো চীফ রংপুর

রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেছেন, তিস্তা কখনো এই অঞ্চলের মানুষকে শুকিয়ে মারে, কখনো বন্যার পানিতে ডুবিয়ে মারে। শত শত একর জমি পানিতে তলিয়ে যায়। কৃষকরা শস্য আবাদ করতে পারেন না। পার্শ্ববর্তী দেশ ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। এই ন্যায্য হিস্যা আদায়ে আমাদের সোচ্চার থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস আয়োজিত পরিবেশ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেন, বর্তমান সরকার পরিবেশ-প্রকৃতি রক্ষায় খাল খনন কর্মসূচি শুরু করেছে। রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের পাশাপাশি কেডি খাল, ইছামতি খালসহ বেশ কয়েকটি খাল রয়েছে। এসব খালের সংস্কারে ৬ মাস থেকে শুরু করে দুই বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের উন্নয়ন বাজেট বরাদ্দ শুন্য থাকায় এখনই কোন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করা হবে।

গ্রীন ভয়েস রংপুর বিভাগের সমন্বয়ক রবিউল ইসলাম রুবেলর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শাশ্বত ভট্টাচার্য, গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবিরসহ অন্যরা।

অনুষ্ঠানে উত্তরের প্রাণ-প্রকৃতি রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালে প্রাণ ফেরাতে নানা সুপারিশ তুলে ধরা হয়। সম্মেলনে গ্রীণ ভয়েসের রংপুর বিভাগের ৮ জেলার স্বেচ্ছাসেবীরা অংশ নেন।