• দেশজুড়ে
  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ

দেশজুড়ে ১ মিনিট পড়া
নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ

লতিফ রানা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অবস্থিত ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে জেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

পরীক্ষার্থীরা জানায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি তারা দায়িত্বরত শিক্ষকদের জানালেও শিক্ষকরা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ তাদের। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়। কিন্তু বাড়তি সময় শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের কাছ থেকে খাতা নিয়ে যাওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানায়।

এই বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ আনেন। অভিভাবকরা জানান, কেন্দ্রসচিবের দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিনহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, তারা একাধিকবার শিক্ষকদের বিষয়টি জানালেও গুরুত্ব দেওয়া হয়নি। পরে নির্ধারিত সময় পার হওয়ার পর নতুন প্রশ্নপত্র দেওয়া হয় এবং প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়ানো হয়।

কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিন সরকার বলেন, ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনায় কেন্দ্রসচিব মতিন সরকারকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।