লাল কার্ড পাওয়ার মতো অপরাধ করেছেন মেসি?

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ , আপডেট সময় : ১৭-০৬-২০২৬


লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা রক্ষার অভিযান দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে ইতিহাস গড়ার এই রাতে ছায়া ফেলেছে একটি বিতর্কও। ম্যাচের সময় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির ওপর মেসির কড়া একটি চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রথমার্ধের মাঝামাঝি আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় ঘটনাটি ঘটে। বল দখলের লড়াইয়ে মান্দির ওপর কড়া চ্যালেঞ্জ করেন মেসি। রিপ্লেতে দেখা যায়, তার বুট আলজেরিয়ান ডিফেন্ডারের পায়ের পেছনের অংশে লেগেছে।

 

পোলিশ রেফারি শিমন মারচিনিয়াক ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি। একই সঙ্গে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও গুরুতর ফাউলের পর্যালোচনার সুপারিশ করা হয়নি। চিকিৎসা নেওয়ার পর অবশ্য খেলা চালিয়ে যেতে সক্ষম হন মান্দি।

 

রেফারির এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক সমর্থকই প্রশ্ন তোলেন, ৮বারের ব্যালন ডি’অরজয়ী তারকা কি বিশেষ সুবিধা পেয়েছেন?

ইএসপিএনের বিশ্লেষক আলে মোরেনোও চ্যালেঞ্জটিকে লাল কার্ডযোগ্য বলে রায় দিয়েছেন। তার ভাষায়, ‘এটি শতভাগ লাল কার্ড। এমন সিদ্ধান্ত সেই ধারণাকে আরও শক্তিশালী করে যে, বড় তারকারা অনেক সময় বিশেষ সুবিধা পেয়ে থাকেন।’

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :