​ডেঙ্গুর ঝুঁকি এড়াতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় জোর

কিশোরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ , আপডেট সময় : ২৪-০৬-২০২৬

এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ: জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, মশামুক্ত নগরী গড়ে তোলার প্রত্যয়ে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর ১২টায় কিশোরগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। “পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী সমিতি, চেম্বার অব কমার্স, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সেমিনারে বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে বলেন, কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়; এর জন্য প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ করে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থাকায় এখন থেকেই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নিজ নিজ বাসা-বাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা, পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে তারা উল্লেখ করেন। পরিবার ও সমাজের স্তরে স্তরে এই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার ওপর বক্তারা বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পৌর প্রশাসক ও জেলা প্রশাসক। তারা স্পষ্ট করেন যে, অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন এবং অপরিচ্ছন্ন ড্রেনই মূলত মশার প্রজনন ক্ষেত্র তৈরিতে মূল ভূমিকা রাখছে। তাই নাগরিকদের সাথে নিয়ে একটি কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীরা একটি পরিচ্ছন্ন ও নিরাপদ কিশোরগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের আশা, এই আয়োজন সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে এক অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ এবং পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান। এ ছাড়া সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রতিনিধিরা এই সচেতনতামূলক সেমিনারে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :