চুনারুঘাটে কিশোরদের গাছে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ , আপডেট সময় : ২৫-০৬-২০২৬

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই কিশোর হলো-ডুলনা গ্রামের শামীম (১২) ও পার্শ্ববর্তী আহমদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মঈন উদ্দিন (১৬)। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শামীম ও মঈন বাড়ির কাছে একটি জমিতে মাছ ধরতে যায়। এ সময় ডুলনা গ্রামের রুবেল মিয়া ও হাছন আলী তাদের ডেকে নিয়ে যান। পরে একটি বাটন মোবাইল ফোন চুরির সন্দেহে দুই কিশোরকে দড়ি দিয়ে গাছে বেঁধে রাখা হয়। 

ভুক্তভোগীদের পরিবারের দাবি, স্থানীয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রুবেল ও হাছন দুই কিশোরের ওপর শারীরিক নির্যাতন চালান। মারধরের একপর্যায়ে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে হাত-পা ধরে ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার (২৪ জুন) সকালে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মঈন উদ্দিনের মা খুর্শেদা আক্তার বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। নির্যাতনের সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :