মিজানুর রহমান,পাবনা : পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের হাতে বিআরটিএ-এর ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতাহত পরিবারের সদস্যদের হাতে এই অনুদানের চেক তুলে দেন পাবনা-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
চেক হস্তান্তরকালে সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা পঙ্গুত্ব বরণ করার ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে।" সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, স্বজন হারানোর ক্ষতি টাকায় পূরণ হয় না। শুধু আর্থিক সহায়তা প্রদান আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। আমাদের উচিত সড়ক দুর্ঘটনা রোধ করা। অন্তত তুলনামূলকভাবে দুর্ঘটনা কমিয়ে আনার মধ্য দিয়ে সড়ক ও পরিবহন সেক্টরকে নিরাপদ হোক। এক্ষেত্রে শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিআরটিএ এর সহকারী পরিচালক আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এসএম ফরিদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম সহ মোটর মালিক গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এবং গুরুতর আহতদের চিকিৎসার জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় মোট ২১ পরিবারকে বিভিন্ন হারে মোট ৯৫ লাখ টাকা প্রদান করা হয়।