রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ , আপডেট সময় : ০৬-০৭-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী ব্যুরো: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.এম. বজলুর রশীদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআরডিবির রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক বকুল চন্দ্র রায়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায়ভিত্তিক কর্মকাণ্ডের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে। তাই পল্লী উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :