​নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোয় পঞ্চগড়ে ২৩ জনের নাম উল্লেখসহ মামলা

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ , আপডেট সময় : ০৮-০৭-২০২৬

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় : পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার সংলগ্ন এলাকায় পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলক, একটি পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেট এবং লোহার তৈরি ট্রাফিক সিগন্যালের মাঝখানে তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে।

সংবাদ পেয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই মো. আসাদুজ্জামান সংগীয় ফোর্সসহ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান এবং আলামত হিসেবে পোস্টারগুলো জব্দ করেন।

পুলিশ জানায়, জব্দকৃত রঙিন পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং দলীয় প্রতীক 'নৌকা' ব্যবহার করা হয়েছে। এছাড়া পোস্টারে "২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী", "জয় বাংলা", "জয় বঙ্গবন্ধু"সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা ছিল। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার, প্রসার ও সমর্থনের উদ্দেশ্যেই জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই পোস্টারগুলো লাগানো হয়েছিল।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর অপরাধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :