ভুল করে ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ , আপডেট সময় : ০৯-০৭-২০২৬
 

ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার বিবরণ দিতে গিয়ে এক অদ্ভুত ভুল করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন বিমানবাহী রণতরিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বর্ণনা করার সময় ইরানের পরিবর্তে ভুলবশত ‘জাপান’ শব্দটির উল্লেখ করেন তিনি। খবর ইন্ডিপেনডেন্ট, এনডিটিভির।

বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপানের পক্ষ থেকে আমাদের ওপর ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা আমাদের বিমানবাহী রণতরিতে এই হামলা চালায় এবং এর প্রতিটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে।’

ধারণা করা হচ্ছে, ট্রাম্প মূলত ইরানকে বোঝাতে চেয়েছিলেন, কারণ ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব ইরান। তার ইসলামিক রিপাবলিক অব জাপান মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে। আপাত এই ভুলের ভিডিও ক্লিপটি মুহূর্তেই অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে বাড়তে থাকা এবং ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এ মন্তব্য আসে। একই সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। দেশটি ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তদুপরি জাপান একটি সাংবিধানিক রাজতন্ত্র শাসিত দেশ এবং গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কোনও ধরনের সামরিক সংঘাত বা বিরোধের নজির নেই।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও বড় ধরনের হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘আমরা এখনও সর্বোচ্চ স্তরের হামলা চালাচ্ছি না। সর্বোচ্চ স্তর বলতে বোঝায় সেতু... তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো, যেখানে তারা বিদ্যুৎ উৎপাদন করে। প্রয়োজন হলে আমরা সেগুলো ধ্বংস করে দেব। আমি তা করতে চাই না, তবে প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করব।’

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :