​দেবীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৭-২০২৬ , আপডেট সময় : ১১-০৭-২০২৬

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর আত্মগোপনে চলে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রাতে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাকে আইনের আওতায় আনা হয়।গ্রেপ্তারকৃত বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় অভিযুক্ত।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, "অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :