​দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে নগর গড়ার চ্যালেঞ্জে প্রশাসক রোকন

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ , আপডেট সময় : ১৪-০৭-২০২৬

কামরুল হাসান, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নগর ব্যবস্থাপনায় পরিবর্তন আনার লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন রুকুনোজ্জামান সরকার রোকন। 

পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সমস্যার তাৎক্ষণিক সমাধানে তার সরাসরি তদারকি নগরবাসীর একাংশের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

নগরবাসীর একাংশের ভাষ্য, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ পৌরসভা এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বিপুল অঙ্কের বাজেট ব্যয় হলেও জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল এবং নাগরিক দুর্ভোগের মতো মৌলিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রতি বর্ষা মৌসুমেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

তাদের দাবি, বছরের পর বছর উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময়ে বরাদ্দ দেওয়া অর্থের কার্যকর ব্যবহার নিয়েও নাগরিকদের মধ্যে প্রশ্ন রয়েছে।

এদিকে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন নিয়মিত নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে ড্রেন পরিষ্কার, বর্জ্য অপসারণ, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম এবং চলমান উন্নয়নকাজ সরেজমিনে তদারকি করছেন। তীব্র গরম কিংবা টানা বর্ষণ-সব পরিস্থিতিতেই তাকে মাঠে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে দেখা গেছে।

প্রশাসক রোকন বিভিন্ন সময়  বলেছেন, তিনি ময়মনসিংহের সন্তান। তাই নগরীর সমস্যা, সম্ভাবনা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনা সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি পরিকল্পিত উন্নয়ন, প্রয়োজনীয় অর্থায়ন এবং ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্টদের মতে, ময়মনসিংহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে শুধু ড্রেন পরিষ্কার করলেই হবে না। এর জন্য প্রয়োজন সমন্বিত মাস্টারপ্ল্যান, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনরুদ্ধার, জলপ্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন।

সম্প্রতি ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও অনেক নাগরিকের মতে, এ সংকট বর্তমান প্রশাসনের সৃষ্টি নয় বরং দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং অব্যবস্থাপনার ফল।

নগরবাসীর প্রত্যাশা, প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকনের নেতৃত্বে পরিকল্পিত উদ্যোগ ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে জলাবদ্ধতাসহ দীর্ঘদিনের নাগরিক সমস্যার টেকসই সমাধান হবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে উঠবে এমন আশাবাদও ব্যক্ত করছেন তারা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :