মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: জুলাই অভ্যুত্থানের শহীদ ও সহযোদ্ধা রেদোয়ান হোসেন সাগরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা, জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সাগরের আত্মত্যাগ স্মরণ করা হয়। একই সঙ্গে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন শহীদ সাগর চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা, জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধিরা শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম, সদস্যসচিব জসীম উদ্দীন, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামানসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সহযোদ্ধা, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব উল আলম বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এরপর সকাল সাড়ে ১১টায় শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ মহানগর শাখা। মহানগর শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগরের সদস্যসচিব ইকরাম এলাহী খান সাজ। এ সময় জেলা ও মহানগর এনসিপির নেতৃবৃন্দ, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী এবং জুলাই অভ্যুত্থানের সংগঠকেরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শহীদ রেদোয়ান হোসেন সাগরের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে বিকেলে নেতৃবৃন্দ শহীদ সাগরের কবর জিয়ারত করেন। এ সময় তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন, পবিত্র কোরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে শহীদের প্রতি সম্মান জানান। একই সঙ্গে জেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ রেদোয়ান হোসেন সাগরের আত্মত্যাগ নতুন প্রজন্মকে ন্যায়, সত্য ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে। তার আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তারা।
দিনব্যাপী কর্মসূচি শেষে নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যেসব শহীদ সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি সংরক্ষণ এবং আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার নৈতিক দায়িত্ব। তারা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করা সম্ভব।