সেনা আইনেই মেজর মোজাফফরের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি

অনুপ্রবেশ বরদাশত করা হবে না, বৈধ বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ২১-০৭-২০২৬ , আপডেট সময় : ২১-০৭-২০২৬


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো ধরনের অনুপ্রবেশ বাংলাদেশ বরদাশত করবে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বৈধ বাংলাদেশি নাগরিকদের তালিকা পাঠানো হলে জাতীয়তা যাচাই করে আইনানুগ প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের শহিদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ-ইন’-এর অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত সতর্ক অবস্থানে আমরা প্রতিটি পুশ-ইন সফলভাবে প্রতিহত করেছি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে এ ধরনের প্রচারণা চালানো হতে পারে, যার সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সবসময় ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যদি বৈধ বাংলাদেশি নাগরিকদের উপস্থিতির সুনির্দিষ্ট তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিধি অনুযায়ী পাঠানো হয়, তবে বাংলাদেশ সরকারের যথাযথ আইনি প্রক্রিয়ায় জাতীয়তা যাচাইয়ের মাধ্যমে তাদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে কোনো ধরনের অনুপ্রবেশ বরদাশত করা হবে না।

জাতীয় নিরাপত্তা জোরদার ও সীমান্ত সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিজিবির প্রস্তাবের ভিত্তিতে ১০৮ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এটি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অনুপ্রবেশ বরদাশত করা হবে না, বৈধ বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২০ জুলাই। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
 

সেই সঙ্গে সীমান্তে পাতা ল্যান্ডমাইনের ঝুঁকি মোকাবিলায় অত্যাধুনিক মাইন শনাক্তকরণ যন্ত্র ইতোমধ্যে বিজিবিকে সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি।

মিয়ানমারের চলমান পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি, আরএসও ও আরসাসহ বিভিন্ন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের কারণে সীমান্ত এলাকায় জটিল নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সীমান্তে এই ত্রিমুখী সংঘাতের মাঝে এক ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন, সীমান্তের ওপার থেকে ছিটকে আসা গোলাগুলি ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে সরকার সার্বক্ষণিক নজরদারি জারি রেখেছে। ভারতের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা এবং মিয়ানমার সীমান্তের কৌশলগত বাস্তবতা ভিন্ন হওয়ায় মিয়ানমার সীমান্তকে নিশ্ছিদ্র করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই হত্যাকাণ্ডের বিচার সামরিক আদালতে হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্ট সিদ্ধান্ত রয়েছে। দীর্ঘদিন ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা মোজাফফরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর বর্তমান সেনা আইন অনুযায়ী বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি বলেন, একই অপরাধে একজন ব্যক্তিকে দেওয়ানি আইন ও সামরিক আইন—দুই আইনে পৃথকভাবে বিচার করার সুযোগ নেই। তাই সেনা আইনেই তার বিচার সম্পন্ন হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবির জনবল বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম ও যানবাহন সংগ্রহ, নতুন প্রশাসনিক ভবন নির্মাণ এবং বিজিবি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে চিকিৎসক ও নার্স নিয়োগসহ বাহিনীর বিভিন্ন অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ নেবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :