শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে এক মাদকসেবিকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২জুলাই) বিকালে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার মাদক সেবনের অভিযোগে উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র রতন হাওলাদার (৩৫)কে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন।
জানা গেছে, চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌফিক আনোয়ার, হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফনি ভুষন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিমের উপস্থিতিতে চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া (গুচ্ছগ্রাম) এলাকায় যৌথ অভিযান চালিয়ে রতন হাওলাদারককে আটক করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)(২১) ধারা গাঁজা সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।