​'যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’

ক্লিন সানডে ও বৃক্ষরোপণে সরব ময়মনসিংহ সদর

আপলোড সময় : ০২-০৮-২০২৬ , আপডেট সময় : ০২-০৮-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলার প্রত্যয়ে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচি। 

শিক্ষার্থী, শিক্ষক, স্কাউট সদস্য, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিণত হয় এক সামাজিক আন্দোলনের রূপে।

রোববার (২ আগস্ট) সকালে নগরীর হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (এমপি)। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণ, মাঠ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে বর্জ্য যথাস্থানে ফেলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনচর্চার অংশ হতে হবে। নিজের ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারলে সুস্থ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সরকারের উদ্যোগ সফল করতে তরুণ সমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করলে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, নিরাপদ জীবনযাপন ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনার অন্যতম পূর্বশর্ত। তাই সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখতে হবে।”

তিনি জানান, পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সদর উপজেলা গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হবে।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (এমপি)।

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, বাংলাদেশ স্কাউটসের সদস্য, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, তরুণ সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যেই এ উদ্যোগ। জনসম্পৃক্ততার মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :