মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর দামকুড়া থানাধীন চরমাজারদিয়া এলাকার একটি লিচু বাগানে অভিযান চালায়।
অভিযানকালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কোনো ব্যক্তি বা মাদক কারবারির উপস্থিতি দেখতে পাননি। পরে এলাকায় তল্লাশি চালিয়ে লিচু বাগানের ভেতরে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে এর ভেতর থেকে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ট্যাপেনট্রাডল ট্যাবলেটের কোনো দাবিদার না থাকায় সেগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।