​চুনারুঘাটে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ , আপডেট সময় : ০৩-০৮-২০২৬

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে ১৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২ আগস্ট) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিমটিবিল বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বাঁশপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে একটি মোটরসাইকেলে বস্তাভর্তি মালামাল নিয়ে আসতে দেখে আরোহীদের ধাওয়া করে বিজিবি। চোরাকারবারিরা ধাওয়া খেয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেল তল্লাশি করে একটি বস্তার ভেতর থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। 

জব্দকৃত মোটরসাইকেল ও গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২ হাজার ৫০০ টাকা। একই দিন বিকেলে বাল্লা ও সিন্দুরখান বিওপির পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৫ কেজি ভারতীয় চিনি এবং ১৬ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গত জুলাই মাসে বিশেষ অভিযান চালিয়ে ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২১৯ বোতল মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং ৭ জনকে আটক করা হয়েছে। মাদক ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :