মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে মাঠপর্যায়ে অভিযান আরও কার্যকর করতে ময়মনসিংহ বিভাগে চালু হয়েছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’। নতুন এ পরীক্ষাগারের মাধ্যমে অভিযান চলাকালেই খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে তাৎক্ষণিক ফলাফল পাওয়া যাবে। একই সঙ্গে ভেজাল বা অনিরাপদ খাদ্য শনাক্ত হলে ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে ময়মনসিংহ বিভাগের চার জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নজরদারি ও ভেজালবিরোধী অভিযান আরও জোরদার হবে।
গতকালসোমবার (৩ আগস্ট) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালুর ফলে এখন মাঠপর্যায়ে অভিযান পরিচালনার সময়ই খাদ্য নমুনা পরীক্ষা করে ভেজাল ও অনিরাপদ খাদ্য দ্রুত শনাক্ত করা যাবে। এতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ হবে এবং ভেজালকারীদের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আধুনিক পরীক্ষাগার সরঞ্জাম মাঠপর্যায়ে খাদ্য নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া এ ভ্রাম্যমাণ পরীক্ষাগার খাদ্যের গুণগত মান দ্রুত যাচাই, ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠপর্যায়ের তদারকি কার্যক্রমকে আরও বেগবান করবে। এর ফলে একদিকে ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত হবে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণও সহজ হবে।