​মধুমতি এক্সপ্রেসে বিচ্ছিন্ন শিশু, নানী-খালার জিম্মায় হস্তান্তর

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ , আপডেট সময় : ০৬-০৮-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এক বছরের একটি শিশুকে উদ্ধার করে তার নানী ও খালার জিম্মায় হস্তান্তর করেছে রাজশাহী জিআরপি থানা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় এক নারী যাত্রী তার দুটি ব্যাগ ট্রেনের বগিতে তুলতে গিয়ে প্ল্যাটফর্মে অবস্থানরত অপর এক যাত্রীর কাছে সাময়িকভাবে তার এক বছর বয়সী শিশুকে রেখে যান। কিন্তু তিনি ট্রেন থেকে নামার আগেই ট্রেনটি স্টেশন ত্যাগ করায় শিশুটিকে আর সঙ্গে নিতে পারেননি।

শিশুটিকে কোলে নিয়ে অপেক্ষমাণ ওই যাত্রী কোনো উপায়ান্তর না দেখে তাকে স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে স্টেশন কর্তৃপক্ষ শিশুটিকে রাজশাহী জিআরপি থানার হেফাজতে দেয়। বিষয়টি জানার পর জিআরপি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) যৌথভাবে দ্রুত শিশুটির স্বজনদের সন্ধান শুরু করে।

পরবর্তীতে শিশুটির নানী ও খালাকে শনাক্ত করে তাদের জিম্মায় শিশুটিকে হস্তান্তর করা হয়। এদিকে শিশুটির মা ঈশ্বরদী স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি এসে শিশুটিকে গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রাথমিকভাবে অনেকের মধ্যে শিশুটিকে ইচ্ছাকৃতভাবে ফেলে যাওয়ার ধারণা সৃষ্টি হলেও তদন্তে জানা যায়, এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। ট্রেনটি স্টেশন ছেড়ে দেওয়ায় মা আর শিশুটিকে নিতে পারেননি। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় শিশুটি নিরাপদে তার পরিবারের সদস্যদের কাছে ফিরে এসেছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :