পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ , আপডেট সময় : ০৬-০৮-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : “বাসস্থানের অধিকার সাংবিধানিক অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী নগরে ভূমিহীন ও বস্তিবাসীদের পূর্ণবাসন নিশ্চিত না করে উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে নামো ভদ্রা লেকপার বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, বরেন্দ্র ইউথ ফোরাম ও গ্রীন কোয়ালিশন, রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৮০ থেকে ১০০ জন অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান আতিক (সাধারণ সম্পাদক, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ), মোঃ মাহমুদ জামাল কাদেরী (জুলাই-৩৬ পরিষদ), মোঃ শহিদুল ইসলাম (আঞ্চলিক সমন্বয়কারী, বারসিক), শাইখ তাসনিম জামাল (সভাপতি, বরেন্দ্র ইউথ ফোরাম), ওয়ালিউর রহমান বাবু (সাবেক সভাপতি, নিসচা), সুভাষ চন্দ্র হেমব্রম (সাংগঠনিক সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ), মোঃ মিজানুর রহমান (চেয়ারম্যান, সেভ দ্যা ন্যাচার লাইফ), মাহবুব সিদ্দিকী (সভাপতি, গ্রিন কোয়ালিশন) এবং নিলুফা ইসমত আরা (সদস্য সচিব, নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটি) সহ অনেকে।

বক্তারা বলেন, নামো ভদ্রা বস্তি এলাকায় প্রায় ২০০টি ভূমিহীন পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে আসছে। সম্প্রতি রেল কর্তৃপক্ষ ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশে উচ্ছেদের মাইকিং করা হলেও পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা মানবাধিকারের পরিপন্থী।

তারা আরও বলেন, প্রতি বাজেটে বস্তিবাসীদের জন্য বরাদ্দ থাকলেও বাস্তবে তারা কোনো সুবিধা পায় না। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ দেশে রোহিঙ্গারা আশ্রয় পায়, কিন্তু দেশের দরিদ্র বস্তিবাসীরা নিরাপদ আবাসন থেকে বঞ্চিত।”

কর্মসূচি থেকে সরকারের প্রতি নিম্নলিখিত দাবি জানানো হয়—

ক. পুনর্বাসন নিশ্চিত না করে কোনো বস্তি উচ্ছেদ না করা।

খ. রাজশাহীর সকল বস্তিবাসীর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও পরিবেশবান্ধব আবাসন পরিকল্পনা গ্রহণ করা।

গ. পানি, স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সেবা নিশ্চিত করা।

ঘ. দরিদ্র জনগোষ্ঠীর আবাসন অধিকারকে জাতীয় ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া।

উক্ত দাবিগুলো উত্থাপনের মধ্য দিয়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :