মোস্তাফিজুর রহমান লিটন : যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। এরপর রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জুলাই শহীদ সাকিব আনজুমের পিতা মোঃ মাইনুল হকসহ পরিবারের সদস্যরা, জুলাই যোদ্ধাগণ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শহীদদের আত্মত্যাগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।"
তিনি আরও বলেন, "শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং সার্বিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে স্বপ্ন ও প্রত্যয় নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।"
ভূমিমন্ত্রী দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন জুলাই শহীদ সাকিব আনজুমের বাবা মোঃ মাইনুল হক। তিনি বলেন, "আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি চাই, আমার মতো আর কোনো বাবা-মাকে যেন সন্তানের লাশ কাঁধে নিতে না হয়।"
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে সরকার দৃঢ়ভাবে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সহায়তায় কাজ করছেন। বিগত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতিও সরকারের নজর রয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও শহীদ পরিবার ও আহতদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।"
এদিকে সকাল থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ হাতে পুষ্পস্তবক নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে ভিড় জমান। তারা একে একে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকাজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহ।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগাবে। তাঁদের স্মৃতি ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।