​জয়পুরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ , আপডেট সময় : ০৬-০৮-২০২৬

​মতলুব হোসেন, জয়পুরহাট : ​জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৫ আগস্ট) জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চকশ্যাম ব্রিজের পশ্চিম পাশে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাট শহরের পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮), গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সুমন (৩০) ও জয়পুরহাটের চকশ্যাম এলাকার মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬)।

ডিবি পুলিশ জানায়, চকশ্যাম ব্রিজের পাশে একটি কলার বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে উল্লিখিত ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার, একটি দেশীয় হাসুয়া, একটি বাঁশের লাঠি, একটি হেক্সো ব্লেড, ৪টি লোহার রড এবং ২৯.৪ ফুট লম্বা একটি প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :