​শেরপুরে জামিল হত্যা

পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ , আপডেট সময় : ০৬-০৮-২০২৬

বাদশা আলম, বগুড়া : বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ মীমাংসা করতে গিয়ে নিহত দশম শ্রেণির শিক্ষার্থী জামিল শেখ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বক্তারা অভিযোগ করেন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শেরুয়া দহপাড়া এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ধুনট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত জামিলের পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত শাকিল, সাদ্দাম, শফিকুল ও সাগর ফকিরের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধ মীমাংসা করতে গিয়ে মেধাবী শিক্ষার্থী জামিল শেখ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন। তাদের দাবি, ঘটনার আগে থেকেই আসামিরা জামিলকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

নিহত জামিলের মা রশিদা জাহান জনি বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূল পরিকল্পনাকারী সাদ্দামসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।”

তিনি বলেন, সব আসামিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

মানববন্ধনে নিহতের বাবা রফিকুল ইসলাম, মামাতো ভাই রাসেল মাহমুদ, স্থানীয় বাসিন্দা মোস্তাকিম রহমান, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ ও আব্দুর রাজ্জাক বক্তব্য দেন। তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলেন, এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধের প্রবণতা বাড়বে। তাই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মামলার প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :