মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (গ্রেড-২) হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম খানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে মঙ্গলবার (১১ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ১৪(২) অনুযায়ী মোঃ জাহাঙ্গীর আলম খানকে তাঁর যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিএমডিএর নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, নির্বাহী পরিচালক পদে যোগদানের আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মোঃ জাহাঙ্গীর আলম খানকে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের খবরে প্রতিষ্ঠানটির প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট মহলে সন্তোষ ও আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও উন্নয়নমুখী চিন্তাভাবনার মাধ্যমে বিএমডিএর চলমান কার্যক্রম আরও গতিশীল হবে।
বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থার উন্নয়ন, পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ও টেকসই ব্যবহার এবং আধুনিক অবকাঠামো উন্নয়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা।
বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে বিএমডিএ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ এলাকায় সেচ সম্প্রসারণ, ভূগর্ভস্থ পানির ব্যবহার ও সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির নানা কার্যক্রম ইতোমধ্যে ব্যাপক গুরুত্ব পেয়েছে। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে পানি ব্যবস্থাপনায় টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়টিও বর্তমানে বিশেষ গুরুত্ব বহন করছে।
এ অবস্থায় নতুন নির্বাহী পরিচালক হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম খানের নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিএমডিএর প্রকল্প বাস্তবায়নে আরও গতি আসবে এবং বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জন্য চলমান উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে।
বিএমডিএ পরিবারের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খানকে আন্তরিক শুভেচ্ছা, সুস্বাগতম ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সফল নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) উত্তরাঞ্চলের কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।