জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ , আপডেট সময় : ২৪-০৮-২০২৬

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর : মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ ও বিপণনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন। সভায় বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে ‘কো-পাবলিকেশনস’ কার্যক্রমের আওতায় মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও অন্যান্য প্রকাশনা যৌথভাবে প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব বই মুদ্রণ, প্রকাশ ও বিপণনের ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করার ফলে আমরা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী আরও মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বই প্রকাশ করতে পারব। একইসঙ্গে বাংলা ভাষায় জ্ঞানচর্চা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে। এই সহযোগিতা শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করছি।”

ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং এই উদ্যোগ পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক ডক্টর ফারুক আহম্মদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :