​রংপুরে ফোর মার্ডার

আদালতে হত্যার দায় স্বীকার করলেন সিদ্ধার্থ ও মুগ্ধ

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ , আপডেট সময় : ২৪-০৮-২০২৬

রংপুর ব্যুরো: রংপুর  মহানগরীর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ পরিবারের চার সদস্যকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।

সোমবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি। এর আগে জবানবন্দি গ্রহণ শেষে রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধার্থ ও মুগ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেফতার দুই যুবক আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অভিযুক্তরা নিজেদের দায় স্বীকার করায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি নির্মাণাধীন দোতলা বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন— রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :