মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ ও ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল আমাদের দেশের জনপ্রিয় খেলা। তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন যত বেশি হবে, তত বেশি প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।
ময়মনসিংহের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি তরুণদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার বলেন, “খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে এবং তরুণদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে মাঠমুখী করার এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। জেলা প্রশাসক গোল্ডকাপের মাধ্যমে ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা উঠে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মুহাঃ কামরুল হাসান মিলন, জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান। উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলা দল মুখোমুখি হয়। খেলা উপভোগ করতে বিকেল থেকেই জেলা স্টেডিয়ামে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচকে ঘিরে গ্যালারিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী ম্যাচের ধারাভাষ্য দেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মোরাম।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ১৪টি দল অংশগ্রহণ করেছে।আগামী ৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া বিজয়ী ও রানার্সআপ দলের জন্য ট্রফিসহ অন্যান্য পুরস্কারেরও ব্যবস্থা রয়েছে। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক হারুন অর রশীদ, শহীদুল আমিন খসরু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহাবুবুল আলম, সদস্য এনামুল হক আকন্দ লিটন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রতন আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নিয়মিত হলে ময়মনসিংহের তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে। একই সঙ্গে তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।