​রাব্বি হত্যায় দেলুর স্থায়ী বহিষ্কার চেয়ে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ , আপডেট সময় : ২৭-০৮-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় রুবেল হোসেন রাব্বি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের প্রথম যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুর স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত আসামি দেলোয়ার হোসেন দেলুসহ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর মাসকান্দা ফিসারিজ মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পলিটেকনিক কলেজের সাবেক জিএস ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রুহুল আমিন। 

তিনি বলেন, গত ১৩ আগস্ট নগরীর আঞ্চলিক পাসপোর্ট অফিসসংলগ্ন একটি দোকানের ভেতরে রুবেল হোসেন রাব্বি হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় দেলোয়ার হোসেন দেলুর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কোতোয়ালি মডেল থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি।

রুহুল আমিন বলেন, রাব্বি হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনায় দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ জন্য তাকে মহানগর বিএনপির সাংগঠনিক পদ ও দলীয় কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য মহানগর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের কাছে আবেদন জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাব্বি হত্যাকাণ্ডের পর এ ঘটনায় আপন দুই ভাই খালেক ও সাব্বির এবং তাদের বাবা ফজলুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার এজাহারভুক্ত আরও কয়েকজন আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলুসহ বাকি সাত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। একই সঙ্গে রাব্বি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর বুলবুল আহমেদ, আব্দুল আজিজ খান জুয়েল, রফিকুল ইসলাম রকি, কৃষকদলের সভাপতি মোঃ মাজাহারুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, কৃষকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :