​রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ ৪ খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ , আপডেট সময় : ২৯-০৮-২০২৬

আব্দুল্লাহ আল আমিন, রংপুর : রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তীসহ ৪ খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেন রংপুর মহানগর নাগরিক কমিটি। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সকলকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রমাণ করে রংপুরসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। এ ঘটনায় ২ কিশোরকে আসামী হিসেবে গ্রেফতার করে পুলিশ গণমাধ্যমে পুরো হত্যাকাণ্ড সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করে সেটি নিয়ে জনমনে নানা প্রশ্ন, সংশয় এবং আস্থাহীনতার জন্ম হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের বয়ান, নিহতদের স্বজনের জবানবন্দী, ঘটনার পারিপার্শ্বিকতা, পুলিশ ও ফরেনসিক কর্মকর্তার বক্তব্য সাংঘর্ষিক। এই নৃশংস হত্যাকাণ্ডসহ দেশে সংঘটিত প্রতিটি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিক তদন্ত প্রয়োজন।

আরো বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করে তুলছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। শিক্ষক গণপতি চক্রবর্তীসহ ৪ খুনের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হওয়া জরুরী।

সংবাদ সম্মেলন শিক্ষক গণপতি চক্রবর্তীসহ ৪ খুনের বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিজয় প্রসাদ তপু, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন, মসিউর রহমান, সবুজ রায়, মেহেদী হাসান তরুন প্রমুখ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :