​রুয়েটের জমি দখলমুক্তের দাবিতে রাসিকে স্মারকলিপি

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ , আপডেট সময় : ৩০-০৮-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভেঙে ফেলা সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ  মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি দিয়েছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনে গিয়ে রুয়েটের শিক্ষার্থীরা রাসিক প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় রাসিক প্রশাসক শিক্ষার্থীদের স্মারকলিপি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জমির একটি অংশে পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এছাড়া সীমানাপ্রাচীর ঘেঁষে চলাচলের ফুটপাতেও বিভিন্ন অননুমোদিত স্থাপনা গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের জমি ব্যবহার করে এসব স্থাপনা নির্মাণের ফলে ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

তারা আরও জানান, অবৈধ স্থাপনার পাশেই রুয়েটের পুরকৌশল অনুষদের ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। অল্প সময়ের মধ্যেই ভবনটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে। ফলে ভবনটির নিরাপত্তা, শিক্ষার্থীদের চলাচল এবং সার্বিক পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের জমি দখলমুক্ত করা জরুরি বলে মনে করছেন তারা।

এ দাবিতে শনিবার (২৯ আগস্ট) রুয়েটের প্রায় ৬০০ শিক্ষার্থী ক্লাস, ল্যাব ও পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে তারা বিশ্ববিদ্যালয়ের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ এবং সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবি জানান।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেটসহ সীমানাপ্রাচীর ঘেঁষে চলাচলের ফুটপাতে থাকা সব অননুমোদিত ও অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ এবং তালাইমারী মোড়ে রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে বিশ্ববিদ্যালয়ের জমির যে অংশ দখল বা ব্যবহার করা হয়েছে, তা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও সীমানা রক্ষার স্বার্থে রাসিক প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনানুগ প্রক্রিয়ায় সমস্যাটির স্থায়ী সমাধান করবে।

স্মারকলিপি প্রদানকালে রুয়েটের শিক্ষার্থী কাজী পারভেজ আহম্মেদ, মুবতাসিম সৌমিক, শাহান আল রিয়াজ, সুমাইয়া নওশীন, শামসুন নাহার সুমনা, ফাহাদ সরকার তুহিন, তন্ময় কর্মকার তনি, শাকিব উজ্জমান সিয়াম, পারভেজ আকন্দ প্রভাতসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :