​মসজিদ থেকে মোটরসাইকেল চুরি, চারদিনেও মামলা নেয়নি পুলিশ

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ , আপডেট সময় : ৩০-০৮-২০২৬

এস এম মিজান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মসজিদ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৪দিন অতিবাহিত হলেও অভিযোগের তদন্ত কিংবা মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি পটুয়াখালির মির্জাগঞ্জ উপজেলার মধ্য রামপুর এলাকার।

শুক্রবার রাতে ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে ভুক্তভোগি মোটরসাইকেল মালিক সজিব হাওলাদার বলেন, প্রতিদিনের ন্যায় গত ২৫ আগষ্ট রাতে আমার বাড়ির মসজিদের সামনের বারান্দায় ১৫৫ সিসির সুজুকি জিক্সার মডেলের (মূল্য ২ লাখ ৪৯ হাজার টাকা) মোটরসাইকেল তালাবদ্ধ করে বাসায় চলে যাই। পরদিন (২৬ আগষ্ট) ভোর সাড়ে চারটার দিকে মসজিদের মুয়াজ্জিন ফজরের আযান দিতে এসে মোটরসাইকেল না দেখে বাসায় এসে মোটরসাইকেল চুরির বিষয়টি আমাকে জানায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে মোটরসাইকেলটি খোঁজাখুজি করে না পেয়ে ওইদিন অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সজিব হাওলাদার অভিযোগ করে বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৪দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত থানা পুলিশের কোন সদস্য ঘটনার তদন্ত করতে আসেননি। এবিষয়ে থানার ওসিকে মামলা রুজুর জন্য  অনুরোধ করলেও তিনি তা আমলে নেয়নি। সজিব অভিযোগ করে আরও বলেন, আমার ভাইও পুলিশে চাকুরী করে। আমরা পুলিশ পরিবারের সদস্য হয়েও থানা থেকে আইনি সহায়তা পাচ্ছিনা। মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, সংশ্লিষ্ট বিট অফিসার ছুটিতে আছেন। তিনি ছুটি শেষে আসলেই তদন্ত কাজ শুরু করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :