​হাজারো রোগীর চাপ, প্রশাসনে বাড়ছে গতি

মমেক হাসপাতালে সমন্বিত ব্যবস্থাপনায় তৎপরতা

আপলোড সময় : ০৬-০৯-২০২৬ , আপডেট সময় : ০৬-০৯-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: হাজারো রোগীর ভিড়, প্রতিদিনের বাড়তি চাপ আর বিশাল প্রশাসনিক কাঠামো-এর মধ্যেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে চলছে নিরন্তর তৎপরতা। পরিচালকের নেতৃত্বে দাপ্তরিক কাজের সমন্বয়, বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ এবং রোগীসেবা সংশ্লিষ্ট সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানে সক্রিয় রয়েছেন উপ-পরিচালক ডা. মোঃ জাকিউল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে নিয়মিত সম্পৃক্ত রয়েছেন তিনি। দাপ্তরিক নথিপত্র, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়, বিভিন্ন শাখার কার্যক্রম এবং রোগীসেবা সংশ্লিষ্ট বিষয়ে পরিচালকের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন এ উপ-পরিচালক। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হয় মমেক হাসপাতালে। ফলে কোনো একটি বিভাগে সামান্য সমন্বয়হীনতাও রোগীসেবায় প্রভাব ফেলতে পারে। এ কারণে কোথায় সমস্যা, কোন বিভাগে চাপ বেশি কিংবা চিকিৎসা উপকরণ ও অন্যান্য সুবিধায় কোথায় ঘাটতি-এসব বিষয় চিহ্নিত করে দ্রুত সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।চিকিৎসা সরঞ্জাম ও উপকরণের সরবরাহ, প্রশাসনিক জটিলতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিতেও রয়েছে কর্তৃপক্ষের নজর। এসব কার্যক্রমে পরিচালকের সহযোগী হিসেবে উপ-পরিচালক ডা. জাকিউল ইসলামের সম্পৃক্ততা চোখে পড়ার মতো।

বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের পরিদর্শন ও পর্যালোচনা কার্যক্রমেও তাঁকে প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে দেখা গেছে। অসচ্ছল ও জটিল রোগীদের সরকারি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রেও রয়েছে হাসপাতাল প্রশাসনের সমন্বয়মূলক ভূমিকা।

সংশ্লিষ্টদের মতে, হাসপাতালের উন্নয়ন শুধু ভবন-যন্ত্রপাতিতে সীমাবদ্ধ নয়; দক্ষ প্রশাসন, দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর সমন্বয়ই পারে রোগীসেবায় আনতে বাস্তব পরিবর্তন। পরিচালকের নেতৃত্বে সেই সমন্বিত ব্যবস্থাপনায় উপ-পরিচালকের সক্রিয় ভূমিকা দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রচেষ্টাকে এগিয়ে নিচ্ছে। এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ জাকিউল ইসলাম বলেন, ময়মনসিংহ অঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে রোগীরা এই হাসপাতালে সেবা নিতে আসে। পর্যাপ্ত বেড এবং জায়গা না থাকায় আমাদের সেবা দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরও আমরা শতভাগ কাঙ্খিত সেবা দেয়ার চেষ্টা করে থাকি। তাই আমাদের পক্ষ থেকে “বিপুল রোগীর চাপের মধ্যেও প্রশাসনিক সমন্বয় জোরদার করে স্বাস্থ্যসেবাকে আরও শৃঙ্খলিত ও রোগীবান্ধব করাই এখন মমেক হাসপাতাল প্রশাসনের বড় লক্ষ্য।”

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :