‘এই যে জুলাই জঙ্গি, যিনি দেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে—এই যে দেখতে পাচ্ছেন, ভেনিসে আসছে। আমরা ভেনিস ছাত্রলীগ...এই ডিম আনো, ডিম আনো। বাংলাদেশটাকে ধ্বংস করছে। আমরা এই দেশদ্রোহী জঙ্গিকে গোসল করিয়ে দিয়েছি। এই জুলাই যোদ্ধা বাংলাদেশটাকে ধ্বংস করছে। সাজানো-গোছানো বাংলাদেশটাকে ধ্বংস করছেন। জুলাই জঙ্গি আমাদের মাঝে আসছে।’
চিৎকার-চেঁচামেচির মধ্যে এসব কথা শোনা যায়। এর মধ্যেই একজনকে বলতে শোনা যায়, ‘বাচ্চা আছে আমার। কী করছেন এগুলো?’
অপর পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে জবরদস্তি করা হয়। সেখানে একজনকে বলতে শোনা যায়, ‘ওরা দেশটাকে ধ্বংস করছে।’ একপর্যায়ে তাঁদের একজনকে বলতে শোনা যায়, ‘আমরা ইতালির ছাত্রলীগ। বাংলাদেশের যেকোনো প্রান্তে যাবে, তাদের আমরা প্রতিহত করব।’
এই চিত্র ছিল ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কের রাস্তায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার সময়ের। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন জানান, ইতালির মেস্ত্রের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাঁকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তাঁর গায়ে কোক ও ডিম ছোড়া হয়, তাঁকে আঘাত করা হয় এবং তাঁর মুঠোফোনও ছুড়ে ফেলা হয়।
এ ঘটনা ফেসবুকে লাইভ করছিলেন মনিরুল হাওলাদার নামের একটি অ্যাকাউন্টের ব্যবহারকারী। ওই লাইভের ক্যাপশনে লেখা ছিল, ‘জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।’