​রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ , আপডেট সময় : ১৩-০৯-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহীর চারঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৪০০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ বোতল ভারতীয় জেডি মদ ও ৩০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৩টার দিকে চারঘাট বিকল্প বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার চন্দনশহর ডালিপাড়া এলাকা দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অবস্থান নেয়।

দীর্ঘ সময় অপেক্ষার পর টহল দল দেখতে পায়, দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাদের আটক করতে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৪০০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ও অন্যান্য বিস্তারিত তথ্য বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। উদ্ধার করা মাদক চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে চারঘাট বিওপির নিয়মিত টহল দল আরেকটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে টহল দল জানতে পারে, চারঘাট থানার শাহরিয়ার খালের আমবাগানের ভেতরে কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা আমগাছের গোড়ায় লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে আমগাছের গোড়ায় লুকিয়ে রাখা বস্তাটি উদ্ধার করেন।

বস্তাটি খুলে পাওয়া যায় ৩০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ। এসব মাদকদ্রব্যও মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। উদ্ধার করা মাদক চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকের সঙ্গে জড়িত কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের শনাক্ত করা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :