ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, শিশুসহ ৬ জনের মৃত্যু

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ , আপডেট সময় : ১৫-০৯-২০২৬


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। অপরজন অজ্ঞাতপরিচয় শিশু। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নেত্রকোনার পূর্বধলার বসী গ্রামের হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাঙ্গামাটিয়ার শাহজাহান (৪০), একই উপজেলার রমজান (৩৮) ও জাহানারা (৫০) এবং তারাকান্দার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। অজ্ঞাতপরিচয় শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ধোঁয়ায় ভবনের ভেতর আচ্ছন্ন হয়ে পড়লে রোগী ও স্বজনরা দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ময়মনসিংহ সদর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। হাসপাতালের নিরাপত্তাকর্মী, স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া জমে যায়। আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কয়েকজন আহত হন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার ছাদে থাকা ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কন্ট্রোল রুমের বৈদ্যুতিক মেশিনে ওভারহিট বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :