​তাঁত-সুতার চড়া দাম ও তীব্র লোডশেডিং

বিলুপ্তির পথে খোকসার ঐতিহ্যবাহী তাঁত শিল্প

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ , আপডেট সময় : ১৬-০৯-২০২৬

হুমায়ুন কবির, খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসা উপজেলার তাঁতপল্লীগুলোতে এখন আর আগের মতো ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাঁতের খটখট শব্দ শোনা যায় না। কাঁচামালের চড়া দাম, আধুনিক প্রযুক্তির অসম প্রতিযোগিতা, সরকারি সহায়তার অভাব এবং তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে বিলুপ্তির চরম ঝুঁকিতে পড়েছে খোকসার ঐতিহ্যবাহী হস্তচালিত ও বিদ্যুৎ চালিত (পাওয়ার লুম) তাঁত শিল্প।

বাংলাদেশ তাঁত বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকসায় বর্তমানে ৮০০ থেকে ১,০০০টি হস্তচালিত তাঁত এবং ৩০০ থেকে ৪০০টি বিদ্যুৎ চালিত ‘পাওয়ার লুম’ রয়েছে। তবে সুতা ও কেমিক্যালের আকাশছোঁয়া দাম এবং তীব্র বিদ্যুৎ সংকটের কারণে প্রতিদিন সচল তাঁতের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। দিন-রাতে ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাও বিদ্যুৎ না পাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলার শিমুলিয়া ইউনিয়ন, কালীবাড়ি ও কমলাপুর পৌর এলাকা ঘুরে দেখা গেছে করুণ দৃশ্য। হস্তচালিত তাঁত বন্ধ হয়ে বাড়ির উঠানে স্তূপ করে রাখা হয়েছে। লোডশেডিং ও বাড়তি বিদ্যুৎ বিলের লোকসান সামলাতে না পেরে বন্ধ হচ্ছে পাওয়ার লুম কারখানাগুলো। ফলে বাধ্য হয়ে কারিগররা বাপ-দাদার পেশা ছেড়ে দিনমজুরি ও ভ্যান চালানোর মতো পেশায় যোগ দিচ্ছেন।

কালীবাড়ীর তাঁত ব্যবসায়ী জামিরুল ইসলাম জানান, সুতা ও কেমিক্যালের দাম বাড়লেও বাজারে গামছা বা লুঙ্গির ন্যায্য দাম মিলছে না। পর্যাপ্ত পুঁজি ও বিপণন সুবিধার অভাবে খুচরা তাঁতিরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। তাঁত শ্রমিক হোসনেয়ারা ও সালমা খাতুন জানান, লোডশেডিংয়ের কারণে দিনে মাত্র এক-দুই থান কাপড় তৈরি করা সম্ভব হচ্ছে, যা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের পর পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির খোকসা সাব-জোনাল অফিসের এজিএম জানান, জাতীয় বিদ্যুৎ সমস্যার সমাধান ও নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া পরিস্থিতি পরিবর্তন সম্ভব নয়। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, তাঁত বোর্ড থেকে কার্যকর ঋণ বা কাঁচামাল সরবরাহের সুযোগ মিলছে না।

খোকসা উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর জানান, দেশের বাইরেও সমাদৃত এই ঐতিহ্যের সচলতায় তাঁত বোর্ডের সুষ্ঠু বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

তাঁতিদের প্রধান দাবি ও আশু পদক্ষেপ:
 * সহজ শর্তে ঋণ: হস্তচালিত ও পাওয়ার লুম শিল্পের জন্য দ্রুত সরকারি সুদমুক্ত ঋণের ব্যবস্থা।
 * বিদ্যুৎ সুবিধা: বিদ্যুৎ বিলে ভর্তুকি প্রদান এবং কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
 * বাজার নিয়ন্ত্রণ: রঙিন সুতা ও কেমিক্যালের চড়া দাম নিয়ন্ত্রণে সরকারি তদারকি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :