পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার পূর্ব মৌকরন এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর কাজী মোঃ রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র মামলার নথিতে না তোলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। একই সঙ্গে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ মাহমুদা বেগম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
মাহমুদা বেগম বলেন, তার স্বামী কাজী মোঃ রফিকুল ইসলাম পুলিশ বাহিনীর একজন অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর। অবসরের পর তিনি ১৩০ নম্বর পূর্ব মৌকরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হন। পাশাপাশি এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার ছানাউল, রবিউল কাজী ও রুবেলসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, চলতি বছরের ১০ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে পৌঁছালে হামলাকারীরা রামদা, চায়নিজ কুড়াল ও লোহার রড দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানান তার স্ত্রী। এ ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন, যার নম্বর ৫২১।
সংবাদ সম্মেলনে মাহমুদা বেগম আরও অভিযোগ করেন, গত ৭ সেপ্টেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের ঘর থেকে একটি দেশীয় বন্দুক (এয়ার গান) এবং খাটের নিচ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও ৫-৬টি রামদা উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় এলাকাবাসী উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে রবিউল কাজীর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার (মামলা নং-৫৩১) নথিতে উদ্ধার হওয়া ওই বন্দুকটির কোনো উল্লেখ নেই বলে অভিযোগ করেন মাহমুদা বেগম। তার প্রশ্ন, উদ্ধার করা অস্ত্রের একটি অংশ মামলার নথিতে কেন উল্লেখ করা হয়নি এবং এ বিষয়ে কোনো তথ্য গোপন করা হয়েছে কি না। এ ছাড়া মামলার ৩ নম্বর আসামি রুবেলসহ অন্য আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি এবং তারা প্রকাশ্যে ঘোরাফেরা করে পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাহমুদা বেগম উদ্ধার হওয়া বন্দুকটি কেন অস্ত্র মামলায় উল্লেখ করা হয়নি, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান। একই সঙ্গে বন্দুকটি মামলা নং-৫৩১-এর নথিতে অন্তর্ভুক্ত করা, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আইনের যথাযথ প্রয়োগ। তাই এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে অভিযানে থাকা পটুয়াখালী সদর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম বলেন, আসামী ধরতে গিয়ে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করে আমি বাদী হয়ে একটা মামলা দায়ের করেছি। এছাড়া ওইসময় একটি ইয়ারগানও (পাখি শিকার করা) উদ্ধার করা হয়েছে। ওটা জিডিমূলে থানায় জব্দ করা হয়েছে। এটার বিষয়ে আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।