মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। আগুনের আতঙ্কে রোগী-স্বজনদের মধ্যে ছোটাছুটি ও অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটলেও কার মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকৃত ঘটনা জানতে তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে তারা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডের পর হাসপাতালের পরিস্থিতি দেখতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ইকবাল হোসেইন। সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে রোগীদের নিরাপত্তা, চিকিৎসাসেবা সচল রাখা, অতিরিক্ত রোগীর চাপ ও অবকাঠামোগত সমস্যা নিয়ে আলোচনা হয়। অসুস্থতাজনিত কারণে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন না। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাংবাদিকদের বলেন, আগুনের আতঙ্কে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। তার দাবি, ঘটনাটিকে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তবে পরিবারের পক্ষ থেকে ওঠা অভিযোগসহ পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
এদিকে অগ্নিকাণ্ডের পর বিপুলসংখ্যক রোগীর চাপ হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ইকবাল হোসেইন বলেন, এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। হাসপাতালের ব্যবস্থাপনা ও নিরাপত্তা আরও কার্যকর করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় পরিকল্পনা তৈরিতে প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের প্রকৃত কারণ-এসব প্রশ্নের উত্তর এখন তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে। তদন্ত শেষ হওয়ার আগে অনুমাননির্ভর বক্তব্য না দিয়ে প্রতিবেদনের জন্য অপেক্ষা করাই উচিত বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগুনের ধোঁয়া কেটে গেলেও কাটেনি মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। এখন মমেকের অগ্নিকাণ্ডের প্রকৃত চিত্র জানতে অপেক্ষা তদন্ত প্রতিবেদনের।