​হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ , আপডেট সময় : ১৭-০৯-২০২৬

সাইফুল ইসলাম, হবিগঞ্জ : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।

উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ মো. জি কে গউছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালাইড সায়েন্সেস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম ও প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক সাদিয়া তাসনিম।

প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য আজ আনন্দ ও আবেগের দিন। ওরিয়েন্টেশনের মাধ্যমে তাঁরা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে তাঁরা দেশের ও পরিবারের সম্পদ হয়ে কৃষিকে সমৃদ্ধ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জি কে গউছ বলেন, ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ—এই কথা মনে রাখবেন। দেশের সার্বিক উন্নয়নে এই কৃষি বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা রাখতে পারে। বর্তমান উপাচার্যের কাছে আমাদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব আমরা যেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যেতে পারি।’

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সাত দিন আগে তিনি তাঁর কথা রেখেছেন। এসব বই শিক্ষার্থীদের কাজে লাগবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

স্বাগত বক্তব্য দেন সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের কৃষি ও সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :