​ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী ও পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ , আপডেট সময় : ১৭-০৯-২০২৬

আশেক মান্নান হিমেল, ব্রাহ্মণবাড়িয়া : নদী, পরিবেশ ও প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে তিতাস নদী ও পরিবেশ রক্ষায় করনীয় শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তিতাস নদীর দখল-দূষণ, অবৈধ বালু উত্তোলন, নদীর নাব্যতা সংকট, জলাশয় ভরাট, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 

নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুমন শামস। তিনি বলেন, তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীকে রক্ষা করতে হলে সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর সঙ্গে জনগণকেও সম্পৃক্ত হতে হবে। নদী দখল, দূষণ ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিতাসসহ জেলার সব নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় উপপরিচালক নিজাম উদ্দিন শেখ, বিআইডব্লিউটিএ ভৈরব শাখার ইন্সপেক্টর জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উপসহকারী রাতুল বনিক,  পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসিম রেজা, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল প্রমূখ। অনুষ্ঠিত কর্মশালায় পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :