​ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের সামনে মিললো নিখোঁজ কিশোরের মরহদেহ

আপলোড সময় : ২০-০৯-২০২৬ , আপডেট সময় : ২০-০৯-২০২৬

মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়ার পাশে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সীমান্তের ভারতীয় অংশের লংকামোড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকামোড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখার পর বিষয়টি জানাজানি হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন। নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। 

গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। এরপর শনিবার রাতে সীমান্তের লংকামোড়া এলাকায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়।বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতের অংশে থাকায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার মাধ্যমে ময়নাতদন্তের জন্য ভারতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখার কাছে পৌঁছাল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ময়নাতদন্ত ও সংশ্লিষ্টদের তদন্তের পর পরিষ্কার হতে পারে।শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আব্দুল্লাহপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে সীমান্তের শূন্যরেখার কাছে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :